চট্টগ্রাম মহানগরীর খাজা রোড এলাকায় দুই ভাই হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা নিহত দুই ভাইয়ের ব্যবসায়িক প্রতিপক্ষ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

স্থানীয় সূত্রে গ্রেফতারকৃত দুজনের নাম জানা গেছে। তারা হলেন লোকমান হোসেন এবং জিয়া উদ্দিন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ এই জোড়া খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার দুপুরে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতদের বড় ভাই মঈনুদ্দীন মহসীন। মামলায় নাম উল্লেখ করে ২০ জনকে এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে খাজা রোডে বাদামতলী এলাকায় ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২) নামে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা স্থানীয় কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে দুই ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

জেআই