চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জেলার সদর উপজেলার বাখর আলী সীমান্ত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ সব উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিজিবির একটি টহল দল সকালে সদর উপজেলার বাখর আলী সীমান্তে পদ্মা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা থামাতে বলে। এই সময় নৌকায় থাকা চোরাকারকারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে বিজিবি সদস্যরা নৌকাটিকে আটক করে এক হাজার ৪৯২ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৮৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে। আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বলেও জানান তিনি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই