ঢাকায় বেড়াতে এনে মুন্সিগঞ্জের শ্রীনগরের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রতন লাল ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে রাজধানীর রমনা পার্কসংলগ্ন স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া ধর্ষণের ঘটনায় সহযোগী হিসেবে নাজমা বেগম (৪০) নামে এক নারীকেও গ্রিন রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস গণমাধ্যমকে জানান, ধর্ষণের ঘটনায় শেরেবাংলা থানায় একটি মামলা হয়েছে। মামলায় সুমন ও নাজমাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। রতনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

তিনি জানান, গ্রেফতার হওয়া সুমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে কাজ করেন।

জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানে আসেন ওই কলেজছাত্রী। সেখান থেকে সুমন তাকে নিয়ে রিকশায় করে সংসদ ভবন এলাকায় যান। সেখানে ঘোরাফেরার পর দুপুরে এক বাসায় নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করেন। ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে গুলিস্তানে নামিয়ে দেন।

কিন্তু বাসে কিছুদূর যাওয়ার পর আরও অসুস্থ বোধ করে কলেজছাত্রী। বাস থেকে বালাশুর এলাকায় নেমে মাকে ফোন করে বিস্তারিত বিষয় খুলে বলেন তিনি। পরে মা সেখানে গিয়ে তাকে নিয়ে বাসায় ফেরেন।

কলেজছাত্রীর মা-বাবা সাংবাদিকদের জানান, প্রথমে তারা বাসায় একজন চিকিৎসক এনে মেয়েকে দেখান। ওই চিকিৎসকের পরামর্শে মুন্সিগঞ্জের একটি সরকারি হাসপাতালে মেয়েকে নেন তারা। সেখান থেকে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতেই মেয়েকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তারা।

জেএ