বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকায় এসে পৌঁছেছে। একই ক্রয় আদেশের অপর ড্রিমলাইনার ‘অচিন পাখি’ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি।

আশা করা যাচ্ছে, ১৫ ঘণ্টা ৩০ মিনিটের উড়াল শেষে আজ (মঙ্গলবার) রাত ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ‘অচিন পাখি’।

গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’কে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরদিন সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায় ‘সোনার তরী’। এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১ এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজটি অবতরণ করে। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উড়োজাহাজ দুটি উদ্বোধন করবেন। বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি।

এমএম