ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে আগানগর তরিকউল্লাহ রোড থেকে যুবলীগ কর্মী মো. গাজীর (৪০) লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত মো. গাজী যুবলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম। তিনি বলেন, গাজী যুবলীগের আগানগর ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে তিনি জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে নিহত যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পেট ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে।
জারিফ





