অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘন রেকর্ড ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ‘দেশে কত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা সহজেই অনুমেয়। গত ৯ মাসে দেশে ৮২টি অপহরণ ও গুমের ঘটনা ঘটেছে, যা অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। গুমের শিকার পরিবারগুলো সরকারের কাছে তাদের স্বজনদের খুঁজে পাওয়ার জন্য আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এ সব খুন-গুমের সবচেয়ে বেশী অভিযোগ উঠছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আজ (বুধবার) বিশ্ব মানবাধিকার দিবসে দেশের ১৬ কোটি মানুষের দায়িত্ব হচ্ছে সরকারকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার ব্যবস্থা করা। যারা অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষের অধিকারকে হরণ করছে, তাদের জবাব দিতে হবে।’
মান্না বলেন, ‘এখন দুর্নীতি দমনের নামে দুদক সব দুর্নীতিবাজদের একের পর এক দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। একই ভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারের অবৈধ কাজগুলোকে বৈধতা দিয়ে জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে।’
সংগঠনের মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী প্রমুখ।
জেআই





