হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে চার লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের বাসিন্দা মাহবুব হোসেন দীর্ঘদিন ধরে মাধবপুরে বসবাস করছেন। তিনি সদর উপজেলার শায়েস্তাগঞ্জে আরএকে পেন্টের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

বৃহস্পতিবার দুপুরে কোম্পানির চার লাখ টাকা এবং বিক্রয় প্রতিনিধি শংকুদেবকে সঙ্গে নিয়ে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ আসেন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তারা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে রেলস্টেশন এলাকায় ইসলামী ব্যাংকের উদ্দেশে রওয়ানা হন।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সামনে আসলে পেছন থেকে আসা সাদা রঙয়ের নোহা মাইক্রোবাস ইজিবাইকটির পথরোধ করে। ওই গাড়ি থেকে কয়েকজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইকের যাত্রীদের নামতে বলে। সবাই নামলে মাহবুব হোসেনকে ইয়াবা ব্যবসায়ী বলে দুই যুবক জোরপূর্বক নোহা গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ বেঁধে দ্রুত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার দিকে রওয়ানা হয়। পরে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় মাহবুব হোসেনকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে।

মাহবুব হোসেন জানান, ছিনতাইকারী তার চোখমুখ বেঁধে মারধর করে ৫০ লাখ টাকা দাবি করে। তাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন মাহবুব হোসেন কৌশলে নিজেকে আরএকে পেন্টের কর্মচারী পরিচয় দিয়ে সঙ্গে থাকা টাকাগুলো মালিকের বলে জানায়। সেই টাকা নিয়ে তাকে মুক্তি দেওয়ার অনুরোধ করে। এ প্রেক্ষিতে ছিনতাইকারীরা টাকা নিয়ে তাকে সৈয়দপুর এলাকায় ফেলে চলে যায়।

হবিগঞ্জের ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মোক্তাদির হোসেন জানান, বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান ছিল না। সবাই লাখাই উপজেলায় একটি অপারেশনে ছিলেন।

সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান জানান, খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ছিনতাইকরীরা সিলেটের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ থানায় আসেননি।

কেএইচ