কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

এর মধ্যে ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নাফনদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৯৬ হাজার পিস ইয়াবা। এছাড়া ভোরে হ্নীলা জাদিমুড়া নাফনদীর কিনারা কেওড়া বাগানে অভিযান চালিয়ে আরো ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এসব ঘটনায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ৪২ বিজিবি ব্যাটালিয়ানের সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ।

তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তার নেতৃত্বে বিজিবির জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের নাফনদী সংলগ্ন আড়াইন নং সুইচ গেইট কেওড়া বাগান এলাকায় অভিযানে যায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে বিজিবির দুই সদস্য আহত হয়।
পরে বিজিবি আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও ৯৬ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের মংডু কারাংখালী এলাকার প্রয়াত সুলতানের ছেলে মো. রিয়াজুল হককে (২০) আটক করে বিজিবি।

বিজিবির কর্মকর্তা জাহিদ আরও জানান, একইদিন ভোরে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মো. তরিবুর রহমানের নেতৃত্বে জওয়ানরা হ্নীলা জাদিমুড়া নাফনদীর কিনারা কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ মিয়ানমারের মংডু আশিক্কা পাড়া এলাকার মো. নূরুল আমিনের ছেলে নূর কামালকে (২৪) আটক করে।

তিনি জানান, পৃথক অভিযানে উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসব ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই