নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করার বক্তব্য দুঃখজনক ও গণতন্ত্রের জন্য হতাশ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়, একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা। এটি একটি চক্রান্ত। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনতে পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, আমি এখনও আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।

সবুজ/নাজিব