লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক কসাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে অপর কসাই। এ ঘটনায় নিহত হয়েছে আরও ৮ জন। নিহত কসাইয়ের নাম নজরুল ইসলাম নজু(৪৮)।
মঙ্গলবার (৫ জুন) রাতে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ কোর্টতলি এলাকার বাসিন্দা। ও ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের বড় ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগে নিহত নজরুলের ছেলে হুমায়ুনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদ হয় একই এলাকার অপর কসাই হাফিজার রহমানের ছেলের। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে বৈঠক বসার কথা ছিল। এরই মাঝে রাতে হাফিজার রহমানের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নজরুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ছুরিকাঘাতে নজরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন ও ভাই কাউন্সিলর রবিউল ইসলামসহ উভয়পক্ষের ৮ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় পাটগ্রাম শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেইসাথে অপরাধীদের গ্রেফতারেরর চেষ্টা চলছে।
সরকার/জেড





