চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের দায়ে চালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে সকাল থেকে মাঠে নামে প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত। একটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে এবং অন্যটির নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে মইজ্জারটেক এলাকায় সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের দায়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা সংবাদ মাধ্যম বলেন, লকডাউন বাস্তবায়নে আমরা সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। দুপুরে মইজ্জারটেক এলাকায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে ৮-৯ জন যাত্রী পরিবহন করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গাড়িটির চালককে আমরা এক হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরিসেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন।

এইচএন