কিশোরগঞ্জের বৌলাইয়ে শিশু ধর্ষণের জের ধরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা সদরের বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে নিহত দুই ভাই হলেন পূর্ব ভরাটি গ্রামের মৃত কাছুম আলীর ছেলে আব্দুল আলী (৫০) ও আবু সিদ্দিক (৪৫)। এদেরকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান জানিয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে নারী পুরুষ মিলিয়ে অন্তত ৪০ জন। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব ভরাটি গ্রামের অটোচালক কাঞ্চন মিয়ার ৯ বছরের মেয়েকে কিছুদিন আগে ধর্ষণ করে একই গ্রামের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৫)। এ ব্যাপারে কাঞ্চন মিয়া বাদী হয়ে শফিকুলকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

কয়েকদিন আগে আসামি জামিনে বের হয়ে এসে বাদীর পরিবারকে হুমকি দিতে থাকে। এর সূত্র ধরে রোববার বিকালে কাঞ্চন মিয়া ও বাদীর পক্ষের লোকজনের মধ্যে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় আসামি শফিকুলের ছোট দুই চাচা আব্দুল আলী ও আবু সিদ্দিক রামদার আঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ৪০ জন নারী-পুরুষ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কিছু কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে রাকিব খান জানিয়েছেন।

লাশ দুটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখাকালে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

এমবি