ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ গান্না সড়কের কৃষি অফিস পাড়ার মৃত হাশেম আলী খানের ছেলে। তিনি হোমিও চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় নিজের ওষুধের দোকান খোমেনি হোমিও হল বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ি যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। নিজ বাড়ি থেকে সামান্য দুরে গান্না সড়কের কৃষি অফিসের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই যুবকরা হাসপাতাল থেকে জোর করে লাশ নিয়ে আবার নিমতলা বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিযে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিহত হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক শিয়া সম্প্রদায়ভুক্ত ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। তবে কেন, কী উদ্দেশে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
এআই





