হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের কামালগেট থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় তাদের সীমান্ত থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার চেংগ্রামের আব্দুল লতিফের ছেলে বিদ্যুৎ (২৩), রংপুর সদরের সিওবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরহাদুজ্জামান (২৭) ও বিরামপুরের শাহিনপুকুর গ্রামের সামছুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৭)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সীমান্তের কামালগেট নামক এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

কেএইচ