ময়মনসিংহের ভালুকায় মুন্নি আক্তার (২২) নামে এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণের চেষ্টার সময় স্থানীয় জনতা দুই অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ভালুকা মডেল থানা পুলিশ সূত্র জানান, জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার দিগলবাঘা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মুন্নি আক্তার (২২) ঘটনার দিন সকালে জৈনাবাজার থেকে ভাড়ায় চালিত সিএনজি যোগে সিডষ্টোর আসছিলেন।
একই সিএনজিতে থাকা যাত্রীবেশী অপহরণকারী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা কালো কাচারি গ্রামের আবেদ আলীর পুত্র শহিদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী একই উপজেলার মানাজি গ্রামের রজব আলীর পুত্র আসাদ (৪০) সিডষ্টোর বাজার থেকে মুন্নিকে জোরপূর্বক সখীপুর রোডে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় মুন্নির চিৎকারে স্থানীয় জনতা সিএনজির গতিরোধ করে মুন্নিকে উদ্ধার করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, অপহরণের ঘটনাটি ভালুকা এলাকায় ঘটলেও অপহৃতার স্বামীর বাড়ি অন্য এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কেএইচ





