সন্দ্বীপ থেকে চট্টগ্রাম মহানগরীতে ফেরার পথে স্টিমার থেকে নামতে গিয়ে সাগরে পড়ে গেলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা স্টিমার ঘাটে এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদের সঙ্গে থাকা অন্যান্যরা সাংসদ মিতাকে মুহূর্তের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হওয়ায় তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সন্দ্বীপ থেকে স্টিমারযোগে চট্টগ্রাম মহানগরীতে ফিরছিলেন সাংসদ মিতা। সাংসদকে বহনকারী স্টিমারটি কুমিরা ঘাটে পৌঁছানোর পর স্টিমার থেকে নামার প্রস্তুতি নেন সংসদ সদস্য। এ সময় সাগরে প্রচণ্ড ঢেউয়ের কারণে স্টিমারটি দুলতে থাকায় অসতর্ক অবস্থায় সাংসদ সাগরের পানিতে পড়ে যান।
এ সময় স্টিমারের অন্যান্য যাত্রীরা লাইফ জ্যাকেট ফেলে এবং অপর একটি স্পিডবোর্ডের সাহায্যে সাংসদ মিতাকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হন। সাংসদ মিতা অক্ষত ও সুস্থ রয়েছেন।
কেএইচ





