সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অবিলম্বে গ্রিক দেবি ‘থেমিস’-এর মুর্তি অপসারণের দাবীতে আগামী শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জেলা কমিটির নেতাকর্মীদেরকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় গতকাল মঙ্গলবার হেফাজত আমীরের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক বৈঠকে এই কর্মসূচী চূড়ান্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা লোকমান হাকিম, যুগ্মমহাসচিব মাওলানা মুঈনুদ্দীন রুহি, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ, একান্ত সচিব মাওলানা শফিউল আলম, মাওলানা হাফেজ মুজ্জাম্মেল, মাওলানা মীর মুহাম্মদ ইদরিস, মাওলানা আনম আহমদ উল্লাহ প্রমুখ। টেলিফোনে সংবাদটি নিশ্চিত করেছেন হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ।
মাসুম/নাজিব





