অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে গাবতলী বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
শিক্ষক হাফিজুল ইসলাম শনিবার রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার বিকেলে প্রাইম ব্যাংকের জসিম উদ্দীন রোড শাখা থেকে এক লাখ টাকা তুলে মিরপুর-১০ এর উদ্দেশে নিউ পল্লবী পরিবহণের একটি বাসে ওঠেন। তার সঙ্গে ২০-২২ বছরের দুই যুবক বাসে ওঠে। ১০ মিনিট বাস চলার পর একজন ক্যানভাসার বই, মলম ও হালুয়া বিক্রি করতে আসে। এক পর্যায়ে জোর করে তার হাতে হালুয়া ধরিয়ে দেয়। হালুয়া খাওয়ার পর আর কিছু মনে নেই বলে জানান তিনি।
এ ঘটনার ২০ ঘণ্টার বেশি সময় পর জ্ঞান ফিরলে নিজেকে ইবনেসিনা হাসপাতালে দেখতে পান তিনি। তার ধারণা ক্যানভাসার ও বাস শ্রমিকদের যোগসাজোশেই তিনি টাকা-মোবাইল ফোন খুইয়েছেন।
এ ঘটনায় দারুস সালাম থানায় একটি জিডি করা হয়েছে। অভিযোগ করার ৪৮ ঘণ্টা পার হলেও অজ্ঞান পার্টির সদস্যদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই রায়হানুজ্জামান বলেন, এখনো ক্লু পাননি।
ভুক্তভোগী শিক্ষকের বড়ভাই মোবারক হোসেন শাহীন বলেন, খালিদ নামের এক ব্যক্তি তাকে ফোন করে নিজেকে বাস শ্রমিক পরিচয় দিয়ে হাফিজুল ইসলামের অজ্ঞান হওয়ার খবর জানান। পরে তাকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। ২২ ঘণ্টা পরে তার জ্ঞান ফেরে।
ইআর
জাতীয়
অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষক
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে গাবতলী বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।





