নড়াইলে অতিরিক্ত দামে লবণ বিক্রি ও মজুদের দায়ে ৭ জন কে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুদ ২০০ কেজি লবণ উদ্ধার করা হয়।
এদিকে গুজব প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের এক ক্রেতাকে ২০০ কেজি লবণ ক্রয় করে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে সাতদিনের সাজা ও জরিমানা করেন।
নড়াইল শহর সংলগ্ন সীমাখালী পিকুল মোল্যা নামে আরেক লবণ বিক্রেতাকে অতিরিক্ত দামে বিক্রির দায়ে চারহাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
এছাড়া লোহাগড়া বাজারে ব্যবসায়ী সুজন কুমার সরকার কে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা এবং লোহাগড়া উপজেলার ইতনা বাজারে তিন লবণ বিক্রেতাসহ চারজন কে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র।
মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলে জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল ও শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং গুজবে কান না দেয়ার জন্য ব্যবসায়ীসহ সবার প্রতি অনুরোধ জানিয়ে মাইকে বক্তব্য দেন।
এদিকে মঙ্গলবার দুপুর থেকেই লবণের দাম বৃদ্ধির গুজবে নড়াইলে বিভিন্ন দোকানে লবণ কেনার হিড়িক পড়ে যায়। অনেকেই প্রয়োজনের তুলনায় অধিক লবণ বেশি দামে ক্রয় করেন।
জহুরুল হক মিলু, নড়াইল /মামা





