ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ড্রাম ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী তিনটি বাস খাদে পড়ে স্কুল শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ যাত্রী।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দয়পুর এলাকায় থানার সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) ও আরেক হেলপার।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এসআই  খাদেমুল বাহার জানান, মহাসড়কের ওই এলাকা দিয়ে ঢাকা অভিমুখে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের ৩টি বাস যাচ্ছিল। এসময় কুমিল্লা শহর থেকে একটি বালু পরিবহনকারী ড্রাম ট্রাক মহাসড়কের ওই স্থান অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই বাসের পেছনে থাকা অপর ২টি বাসও দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ৩টি বাস-ই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনাস্থলে বাসের যাত্রী চট্টগ্রাম থেকে আসা শিক্ষক সাজেদুর রহমান, বাসের হেলপার রহিম উদ্দিন মানিক এবং হাসপাতালে নেয়ার পর আরেকটি বাসের হেলপার মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।  

এমবি