মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই শুরু হলো একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয়।
বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন।
এই অধিবেশনেই বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। অবশ্য গতবছর (২০১৯) বাজেট পেশের সময় শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী পুরো সময়টা বক্তব্য দিতে পারেননি। তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্য দেন।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানান। করোনাকালে বিশেষ ব্যবস্থায় অধিবেশন পরিচালনার কথা জানান।
বাজেট অধিবেশন অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সব স্বাস্থ্য বিধি অনুসরণ করে, মাস্ক ও গ্লাভস পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে এ অধিবেশন চলবে। অধিবেশনের সব সদস্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে বাজেট অধিবেশনকে কার্যকর ও সক্রিয় করে তুলবেন।”
বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পর ৮ জুন পর্যন্ত ৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ করোনায় আক্রান্ত হন। এছাড়া এ পর্যন্ত ৮ জন মন্ত্রী-এমপিও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সবার মধ্যে আতঙ্ক কাজ করছে।
বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এই সংসদ অধিবেশন নিয়ে আমরা আতঙ্কিত। সংসদের অধিবেশন কক্ষ একটি বন্ধ কক্ষ। সেখানে বাইরের আলো বাতাস ঢুকার কোনো ব্যবস্থা নেই। সেন্ট্রাল এসিতে চলে। এজন্য আমি ভার্চুয়াল অধিবেশন করার প্রস্তাব করেছিলাম। কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। তারা সংবিধানের কথা বলে। কিন্তু ডকট্রিন অব নেসেসিটি (doctrine of necessity) বলে একটা কথা আছে। প্রয়োজনের রাষ্ট্রপতির অধ্যাদেশ নিয়ে অনলাইনের মাধ্যমে অধিবেশন চালানো যেত।”
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপন হবে। ১২ ও ১৩ জুন সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। ১৫ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস। ১৬ জুন মঙ্গলবার ও ১৭ জুন বুধবার মূল বাজেটের ওপর আলোচনা।
১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।
এমবি





