বরিশালের উজিরপুরে প্রেমের জের ধরে সুখদেব মিস্ত্রি (২২) নামে এক ব্যাংক কর্মচারি খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সংক্ষুব্ধ জনতা প্রেমিকার বসত ঘরে আগুন দিয়ে পুড়ে দেয়। একই সঙ্গে হত্যায় জড়িত সন্দেহে প্রেমিকা মিতু (১৭), দুই বোন কনক, নমিতা ও পিতা দশরথ সমদ্দারকে স্ত্রীসহ আটক করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উজিরপুর জামবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুখদেব ওই গ্রামের সুপেন মিস্ত্রির ছেলে। তিনি ফাস্ট সিকিউরিটি ব্যাংকের রাজধানীর গুলশান শাখায় চাকরি করেন বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, দশরথ সমদ্দারের মেয়ে মিতুর সাথে নিহত সুখদেবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। উত্তেজিত হয়ে কয়েকশ জনতা দশরথ সমাদ্দার ও তার পরিবারের ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে পরিবারকে রক্ষা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। সেসময় হত্যায় জড়িত সন্দেহে দশরথ সমদ্দারসহ পরিবারের ৫ জনকে আটক করেছে বলে জানান ওই পুলিশ কর্তা।
কেএইচ





