গাজীপুরের কালীগঞ্জে সীমানা নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে উপজেলার চৈতারপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে একই গ্রামের আতাউর ও সাদেকের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে সন্ধ্যায় এ ঘটনাকে কন্দ্রে করে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। এতে সাদেকের পক্ষের দুজন এবং আতাউরের পক্ষের আটজন আহত হয়।

স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শাহিন ও মামুনকে ভর্তি রেখে বাকী সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কর্তব্যরত ডাক্তার সাদিয়া শারমিন সুবর্ণা জানান, আহতদের মধ্যে রুহুল আমিন ও মোশারফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।    

কেএইচ