আমার স্বামী কোনো সমাজবিরোধী কাজে লিপ্ত ছিলেন না। তিনি পরিবার পরিজন নিয়ে অন্যান্য শ্রমিকের ন্যায় সাধারণ জীবন-যাপন করছিলেন। আমার স্বামীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

মঙ্গলবার বিকালে এমন আকুতি করেন নিখোঁজ আমিনুলে স্ত্রী। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে গার্মেন্টস শ্রমিক নিখোঁজ আমিনুল ইসলামকে ফিরে পেতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার।

লিখিত বক্তব্যে আমিনুল ইসলামের স্ত্রী মিনা আক্তার বলেন, গত ৫ই মার্চ রাজধানীর মিরপুরের বাসা থেকে ১:৪৫টায় খাবার খেয়ে আমিনুল বের হন। এরপর আমার সাথে ৫:২৭টায় ফোন করে জানান তাকে চোখ বন্ধ করে ডিবি পরিচয়ে কিছু লোক মিরপুরের ৭নং সেকশনের সি ব্লক থেকে তুলে নিয়ে যায়।

ডিবি পরিচয়ে আটকের পর এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, আমার স্বামীর গ্রেফতারের বিষয়টি পুলিশ অস্বীকার করলে আমরা আরো উদ্বিগ্ন হয়ে পড়ি।

মিনা আক্তার যানান, এর পর পল্লবী থানায় নেয়ার খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু তারা আমাকে কোনো তথ্য দিতে পারেনি। ২৪ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম থাকলেও এখন পর্যন্ত অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।

পরে ৬ই মার্চ পল্লবী থানায় একটি জিডি করা হয় যার নং ৪০৩। এর পরও তদন্ত কর্মকর্তা কোনো খবর দিতে পারেনি ।

তিনি বলেন, মিরপুরের শরৎ ফ্যাশন গার্মেন্টস এর সুপার ভাইজার হিসেবে আর দশটা শ্রমজীবীর মত আমার স্বামী কর্মরত ছিলেন।

এমতাবস্থায় আমার একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে আমার বড় ছেলে শাহেদ, মেজ ছেলে মুজাহিদ, ছোট ছেলে তালহাকে নিয়ে চরম দুশ্চিতার মধ্যে আছি।

তিনি বলেন, প্রসাশনকে অবহিত করার পর এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। তাই আমি আমার স্বামীকে সুস্থভাবে ফিরে পেতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল আইনশৃংখলা বাহিনী কাছে অনুরোধ জানাচ্ছি।

তিনি তার স্বামীকে সুস্থভাবে ফিরে পেতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহব্বান যানান।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলামের স্ত্রী, মা, ছোট ভাই শাহিন, বড় ছেলে শাহেদ, মেজ ছেলে মুজাহিদ, ছোট ছেলে তালহা সহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএম/কেএইচ