রাজধানীর রামপুরায় শহীদুল ইসলাম (৩৩) নামের এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রামপুরার উলনে বাসার সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে পশ্চিম রামপুরার ১২ নং উলন রোডের ৪০/এ নং হোল্ডিংয়ে অবস্থিত নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী শহীদুল।

গুলিবিদ্ধ শহীদুল জানান, রাতে দোকান বন্ধ করে দোকানের সব টাকা ব্যাগে করে বাসায় ঢোকার সময় মুখোশ পড়া দুই যুবক ব্যাগ ধরে টান দেয়। এ সময় বাধা দিলে তাদের ছোঁড়া গুলি তার বুকে বিদ্ধ হয়। চিৎকার শুনে আশপাশের লোক আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে শহীদুলকে ঢামেকে নিয়ে আসেন। তিনি বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সঙ্গে আসা পাশের ব্যবসায়ী বোরহানউদ্দিন জানান, উলন বাজারে তাহের টেলিকম শহিদুল ইসলামের একটি দোকান আছে। দোকান বন্ধ করে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরছিলেন। শহিদুল বাসার সামনে পৌঁছালে দুই দুর্বৃত্ত তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শহিদুল বাধা দিলে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, শহিদুলকে অপারেশন টিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এমআর