যশোরের ঝিকরগাছা উপজেলা অপহৃত ঢাকার কাঁচামাল ব্যবসায়ী রুবেল হোসেনকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বাঁকড়া থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

উদ্ধার রুবেল হোসেন ঢাকার বংশাল এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।

বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, চার-পাঁচ দিন আগে ঢাকার কাঁচামাল ব্যবসায়ী রুবেল হোসেনকে ব্যবসার কথা বলে উপজেলার নায়ড়া গ্রামের আশরাফ গাজীর ছেলে নাজমুল ইসলাম, হাসান আলীর ছেলে জিকু, সামাদ দেওয়ানের ছেলে জামাল ও উলাকোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসান ডেকে নিয়ে আসেন। পরে তারা রুবেল আটকে রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। সকালে রুবেল সুযোগ বুঝে পালিয়ে মহেশপাড়া চৌরাস্তা মোড়ে চলে আসেন। এ সময় অপহরণকারীও তাকে ধরতে আসলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তাদের আটক করে। বর্তমানে আটকরা ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

কেএইচ