স্বামী মো. গিয়াস উদ্দিনকে (৩৮) ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্ত্রী আফছানা নূর জলি।

রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টরের ১ ও ২ নম্বর সড়কের কাছাকাছি স্থান থেকে ৩ জুলাই দুপুর ২টার দিকে গিয়াস উদ্দিনকে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার আয়োজিত এক সংবদ সম্মেলনে এমন অভিযোগ করেন আফসানা নূর জলি।

চট্টগ্রামের সিতাকুণ্ড থানার ছলিমপুর গ্রামের বাসিন্দা জাহাজ ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন ব্যবসায়িক কাজে মাঝেমধ্যে ঢাকায় যাতায়াত করতেন।

আফছানা নূর জলি সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামীর কোনো খোঁজ না পেয়ে উত্তরা পশ্চিম থানায় জিডি করতে যাই। প্রথমে পুলিশ মামলা না নিলেও তিন দিন পর উত্তরা পশ্চিম থানার ইনচার্জ শাহ আলম মামলা গ্রহণ করেন।

তিনি বলেন, আমার স্বামী একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার কাজে প্রায়ই ঢাকায় আসা-যাওয়া করেন। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্বামী ছাড়া বর্তমানে দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছি। তাকে জীবিত ফেরত পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

নিখোঁজ মো. গিয়াস উদ্দিনের ভাই মো. জসিম উদ্দিন বলেন, ভাই জাহাজ ভাঙার ব্যবসা করতেন। তার সঙ্গে জুয়েল (৪৪), মাহাবুবুর হাছান বাদল (৫০) ও ফারুকের (৪৫) ১৫ কোটি টাকার লেদলেন রয়েছে। এ লেনদেন নিয়ে তাদের সঙ্গে ঝমেলা হয়। এরপর থেকে তারা বিভিন্ন মোবাইল থেকে হুমকি দিয়ে আসছিল।

টাকার কারণে তারা আমার ভাইকে অপহরণ করতে পারে বলেও মনে করেন তিনি।

নিখোঁজের মেয়ে নেহেরা ইবনা তানহা (৭) এবং ছেলে ইয়াসিন আবরান (৪) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

এমএ/এএইচ