চাঁদপুরের মেঘনায় ‘এমভি চিতলমারী’ ও ‘এমভি হেকমত’ নামের লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় তলা ফেটে ‘এমভি চিতলমারী’ জাহাজটি ১৩শ মেট্রিকটন সিমেন্টের কাঁচামালসহ নদীতে ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের ১২জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে হরিসভা এলাকায় ‘এমভি চিতলমারী’ ও ‘এমভি হেকমত’ নামের লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি চিতলমারী জাহাজের তলা ফেটে যায়।

ডুবতে শুরু করলে জাহাজের মাস্টার-সুকানীসহ ১২জন নদীতে লাফিয়ে পড়ে। এদের মধ্যে ৫ জন সাঁতরে পুরানবাজার এলাকায় উঠতে সক্ষম হয়। বাকি ৭ জন নদীতে থাকা অন্য জাহাজ উঠিয়ে নেয়।

জাহাজের মাস্টার আমিনুজ্জামান জানান, এমভি চিতলমারী জাহাজটি প্রায় ১৩শ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) নিয়ে চট্টগ্রাম থেকে নরসিংদীর ঘোড়াশালে যাচ্ছিলো। চাঁদপুর হরিসভা এলাকায় বিপরীত দিক থেকে আসা এমভি হেকমতের সঙ্গে সংঘর্ষে তলা ফেটে গেলে এমভি চিতলমারী ডুবে যায়।

তিনি জানান, ডুবে যাওয়ার পর আমিসহ ৫জন সাঁতরে পুরানবাজারে উঠি। জাহাজের ৭ জনকে নদীতে থাকা অন্য জাহাজ উদ্ধার করে। তারা সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই