বান্দরবানে লামা উপজেলার আজিজনগর থেকে দুই লাখ লিটার চোলাইমদ’সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৭ এর এএসপি সাজিদুর রহমানের নেতৃত্বে একটি দল চোলাইমদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জেলার আজিজনগর ইউনিয়নের মগপাড়া’সহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালায়। এ সময় স্থানীয়ভাবে উৎপাদিত ২ লাখ ১০ হাজার লিটার চোলাইমদসহ (দেশীয় তৈরি বাংলা মদ) মাদক তৈরির বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা চোলাইমদের বাজারমূল্য প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের সতত্যা নিশ্চিত করে র‌্যাবের এএসপি সাজিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে চোলাইমদ, মদ তৈরির উপকরণ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চোলাইমদগুলো দেশের বিভিন্নস্থানে পাচারের জন্য মজুদ করা হয়েছিল। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মদ উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িতদের খোঁজ বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উদ্ধার করা চোলাইমদ, মদ তৈরির উপকরণ এবং বিভিন্ন সরঞ্জাম ঘটনাস্থলেই পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ