পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মানিকুজ্জামান সুমন ওরফে মানিকসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩টি বিদেশী রিভলবারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন,ডাকাত দলের প্রধান মানিক, ঈশ্বরদী শেরশাহ রোডের মৃত আনিছুর রহমানের ছেলে। অন্যরা হলো- পাবনার ঈশ্বরদীর গোকুলনগর এলাকার মৃত মনজিল সর্দারের ছেলে মো. মোখলেছ (২৪), কুষ্টিয়া জেলার ভেরামারা থানার খেমিরদিয়া মুনসীপাড়া গ্রামের আমিরুল ইসরামের ছেলে তুয়ার (৪০) ও ঈশ্বরদীর ভেলুপাড়ার তফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম(৩৫)।

র‌্যাব-১২ এর সিও মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে জানান, পাবনা র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো: রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার রাতে এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুস সালামকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে।

আব্দুস সালামের দেওয়া তথ্যানুযায়ী ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকার একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাতদলের প্রধান মানিকসহ আরো ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিন, ১৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ছিনতাইকৃত একটি মোটর সাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যাবের আরো দাবি করেন, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই, খুন নানা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।

রাকিবুল হাসান/মাহমুদ