ফরিদপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে একদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এক নারী ওই নবজতককে চুরি করে নিয়ে যান।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে গর্ভবতী স্ত্রী পারভীনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন হোটেল শ্রমিক নজরুল শেখ। বেলা ১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন পারভীন। সন্তানের জন্ম হওয়ার পর থেকেই এক অপরিচিত নারী বিভিন্ন কাজে তাদের সহায়তা করছিলেন। সে সময় পরিবারটি ধারণা করছিল, ওই নারী হাসপাতালের কেউ হবেন।

বুধবার সকালে নজরুল হাসপাতালের বাইরে এবং তার শাশু‍ড়ি ওষুধ আনতে দোকানে গেলে অপরিচিত ওই নারী বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়।

পরিবারটির বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় হলেও কর্মসূত্রে তারা ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে বসবাস করছে।

নবজাতক শিশুর বাবা হোটেল শ্রমিক নজরুল বলেন, শিশুর জন্মের পর থেকেই ওই নারী বিভিন্ন কাজে আমাদের সহায়তা করছিলেন। আমরা ভেবেছিলাম, ওই নারী হাসপাতালের কেউ হবেন।

এই শিশুটি তার প্রথম সন্তান জানিয়ে নজরুল বলেন, তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন। চুরির ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স খাদিজা আক্তার বলেন, ওই নারীর সঙ্গে সখ্যতা দেখে আমরা মনে করেছি, তিনি ওই পরিবারের কেউ হবেন।

তিনি আরো বলেন, এ ধরনের নবজাতক চুরির ঘটনা এই হাসপাতালে প্রথম।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গনেশ কুমার আগরওয়ালা বলেন, ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, নবজাতককে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি।

এমই