মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিষ্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হয়। ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। কিন্তু পরিতাপের বিষয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বেতন ভাতা না পাওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবেতর জীবনযাপন করছেন।
তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে বহু সুপারিশ প্রেরণসহ শিক্ষা মন্ত্রণালয় অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৯৯৪ সালে সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পুরণ করা হয়নি। ২০১৩ সালের ২২ জানুয়ারি শিক্ষকদের বেতন ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার টাকায় উন্নীত করেছেন। অবশিষ্ট ৫ হাজার ৩২৯টি মাদরাসায় কর্মরত ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক এখন পর্যন্ত (২৯ বছর) বেতন ভাতা হতে বঞ্চিত। যার জন্য ঘোষণা ও সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় তারা কিছু কর্মসূচি তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে- মাদরাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলের বেতন ঘোষণার দাবিতে আগামী ১৬ নভেম্বর দেশে সকল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করা হবে।
আগামী ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরন, সহসভাপতি মাওলানা মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন, সরদার কামাল, আনোয়ার প্রমুখ।
এআই





