রেলপথমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, অচিরেই দেশের রেল যোগাযোগে একটি চমক ও গতি আসছে। রেলওয়ের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার আওতায় ৪৬টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগে আরো গতি আসবে।

মন্ত্রী বলেন, রেলের নতুন ১২০টি বগি আমদানির প্রক্রিয়া শেষ পর্যায়ে। এরপর ১৫০টি বগির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আরো ৭০টি রেলের ইঞ্জিন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

শনিবার দুপুরে রাজশাহী রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়মকালে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপি সরকারের মেয়াদে রেলের বেহাল অবস্থা ছিলো উল্লেখ করে মন্ত্রী বলেন,ওই সময় রেলে একটি নতুন ইঞ্জিন এমনকি বগিও সংযুক্ত হয়নি। তাদের আমলে জাতীয় এ সম্পদটি ধ্বংসের দার প্রান্তে নিয়ে গিয়েছিলো।

তিনি বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে রেলের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারের ভাবমুর্তি রক্ষায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগণকে সেবা দিতে রেলওয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় রাজশাহী থেকে ননস্টপ ঢাকাগামী এসি ট্রেন,আব্দুল্লাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীবাসী পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন। একই সঙ্গে সল্প সময়ের মধ্যে এসব দাবি পূরণের উদ্যোগ নেয়ারও আহবান জানান।

পরে রেলপথ মন্ত্রী মুজিবুল হক রাজশাহীবাসীর এ দাবিকে নায্য ও ন্যায় সঙ্গত উল্লেখ করে পর্যায়ক্রমে তা পূরণের আশ্বাস দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ