বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাঁধার সম্মুখীন হয়েছেন ছাত্র ইউনিউয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের সাথে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এতে সংগঠনটির কমপক্ষে ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২ টার দিকে ছাত্র ইউনিয়নের কর্মীরা প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারললিপি দিতে যাচ্ছিলেন। এসময় রাস্তায় ব্যারিকেড দিয়ে বাঁধা দেয় পুলিশ। এসময় ছাত্র ইউনিয়ন কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে চান। এতে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক সিয়াম সারোয়ার জামিল টাইম নিউজকে জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ এসে অহেতুক বাঁধা দেয়। আমরা বাঁধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে আমাদের নেতাকর্মীদের ধ্বস্তাধস্তি হয়। এতে আমাদের নেতা রাজীব আল রুদ্র, মিরপুর থানা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুজ্জামানসহ কয়েকজন আহত হয়।
তিনি জানান, আমাদের পাঁচজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গিয়েছেন। আগামীকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো। এসময় তিনি শনিবার দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করা হতে পারে বলেও জানান।
এ সময় তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সে দিনের ঘটনায় পুলিশ নিশ্চিতভাবে জড়িত ছিলো। তা না হলে জড়িত দুই জনকে ধরিয়ে দেওয়ার পরও তারা ছেড়ে দিতেন না। এ প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে অবস্থান কর্মসূচী পালন করছে ছাত্র ইউনিয়ন কর্মীরা।
এমএ/ইআর





