সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের (ভিসি) সঙ্গে মতবিনিময় সভায়’ বসছে সরকার।

শনিবার (২৩ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (২২ জুলাই) ইউজিসির আমন্ত্রণপত্রে জানানো হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হবে।

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২০ জন জিম্মি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ছয় জঙ্গি। ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এসব হামলায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রের জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষক বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। জঙ্গি হামলার সঙ্গে শিক্ষার্থী-শিক্ষক জড়িত থাকার অভিযোগ উঠার পর জঙ্গি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষদের নিয়ে সচেতনতামূলক সভার উদ্যোগ নেয় সরকার।

অধিভূক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে ২১ জুলাই রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একই স্থানে ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। পুলিশের শীর্ষ কর্মকর্তারাও এতে অংশ নেন।

এমআইএস