যুদ্ধাপরাধী মাহিদুর ও আফসারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বুধবার শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার অবস্থানের বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী, যুদ্ধাপরাধ মামলার প্রতিটি রায়ের প্রেক্ষিতে গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় ট্রাইবুনালের রায় ঘোষণার আগ পর্যন্ত বুধবার, সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। রায়ের প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়াও যেসব মামলার শুনানি ও অন্যান্য কার্যক্রম আসামীপক্ষের নানারকম অজুহাতে বিচারকার্যে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে, সেসব মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ত্বরান্বিত করার দাবি জানায় গণজাগরণ মঞ্চ।
মুক্তিযুদ্ধ চলাকালীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সংগঠিত ‘শিবগঞ্জ গণহত্যা’য় অভিযুক্ত যুদ্ধাপরাধী মাহিদুর রহমান ও যুদ্ধাপরাধী আফসার হোসেন চুটুর যুদ্ধাপরাধ মামলার রায় বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দিয়ে শিবগঞ্জ এলাকার সাধারণ মানুষকে হত্যা, গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও জোরপূর্বক ধর্মান্তরিতকরণের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এএইচ





