বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গরমের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট আরো অসুবিধার সৃষ্টি করেছে।

সাত দিন ধরে বৃষ্টি না থাকায় গরম পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা থাকবে আরো ২/১ দিন।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বলেন, গত এক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য রয়েছে। গরম জলীয় বাষ্প বাতাসে ঘুরপাক খাচ্ছে।

আরো ২/১ দিন এ অবস্থা অব্যাহত থাকবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বৃষ্টি হলেই গরম কমে যাবে।

ভ্যাপসা গরমে প্রচণ্ড ঘামে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে রাজধানীর কর্মজীবী মানুষের কষ্ট হয়েছে বেশি।

এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীতে সর্বোচ্চ ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দুপুর একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা স্বস্তি এসেছে নাগরিক জীবনে।

অপরদিকে, দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ ৭৮ মিলি, শ্রীমঙ্গলে ২৭ মিলি, ময়মনসিংহে ৮ মিলি, যশোরে ২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। এ সময় বৃষ্টিপাত হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে ভারী বর্ষণ হতে পারে।

সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলি এবং রাঙামাটিতে ৩ মিলি বৃষ্টিপাত হয়েছে। আর এ সময় ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ