নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে ৩ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।
আজ (১৫ আগস্ট) শনিবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০) ও একই গ্রামের নজরুল ইসলাম স্বপন।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, ২৩ জন পর্যটক সকালে মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। পরে তাদের মধ্যে সাতজন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামেন। একপর্যায়ে জোয়ারের পানিতে তিনজন তলিয়ে যান। তিনি আরও জানান, ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এমবি





