ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের সংঘর্ষ হলে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ফরিদপুর স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে মুজিব সড়কে তারা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, ছাত্রনেতা হেমায়েত হোসেনসহ এবং পুলিশের দুই উপপরিদর্শক অখিল কুমার, বিপুল কুমার, কনস্টেবল তানভীর ও মোস্তাকিমসহ ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রনেতা মিঠুসহ চারজনকে আটক করেছে।

জেআই