কুষ্টিয়ার মিরপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম রফিক (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান কালিগাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত রফিকুল ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজবাড়ী থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এসময় বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার মাছপাড়া গ্রামের আজিজ শেখের ছেলে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি ছাবিরুল ইসলাম দাবি করেন, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজের কাছে একদল ডাকাত মেইন সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে পুলিশ ও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে চলা ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়।
পরে রফিককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১ রাউন্ড গুলি, ২টি হাসুয়া ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। বুধবার সকালে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমবি





