আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাখাওয়াত হোসেন গতকাল শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে বাসে রওনা হন। ১১ ঘণ্টায় গন্তব্যে পৌঁছেছেন তিনি। পুরোটা পথ যানজটে দুর্ভোগে পড়তে হয় তাঁকে।
কেবল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, সড়কপথে যাঁরা উত্তরাঞ্চল কিংবা সিলেটে গিয়েছেন, তাঁরাও ভয়াবহ যানজটে পড়েন। আর দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরির অপেক্ষায় থেকে কষ্ট পান। সব মিলিয়ে সড়কপথে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। লঞ্চেও তিল ধারণের ঠাই নেই। তবে যাঁরা ট্রেনে বাড়ি ফিরেছেন, তাঁরা কিছুটা কম দুর্ভোগে ছিলেন।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত যেতে স্বাভাবিক অবস্থায় মাত্র ২০–২৫ মিনিট লাগলেও গতকাল এই পথ পাঁচ ঘণ্টায়ও পাড়ি দিতে পারেননি যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম সড়কে সংকট দুই সেতু
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মেঘনা গোমতী সেতুর গজারিয়া অংশ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার রাত একটা থেকে যানজট আরও তীব্র হয়। ঘরমুখী যাত্রীরা এখানে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের চালক মন্টু মিয়া বলেন, তিন দিন ধরে দাউদকান্দির গৌরীপুর থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত তীব্র যানজট লেগে আছে। প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে চার থেকে আট ঘণ্টা সময় লাগছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই গাড়িগুলো ধীরগতিতে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে ওঠার কারণে এবং ঈদ সামনে রেখে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাঁচপুর সেতু পর্যন্ত গতকাল তীব্র যানজট ছিল। প্রচণ্ড গরমে এখানকার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে দুটি ট্রাক ও একটি বাস কাঁচপুর সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এতে কাঁচপুর সেতু থেকে যানজট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত বিস্তৃত হয়। ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, রেকার দিয়ে বিকল গাড়ি তিনটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় ঢাকা-সিলেট ও মদনপুর-ভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কেও তীব্র যানজট ছিল।
উত্তরাঞ্চলে ভোগান্তি বিকল যানবাহনে
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, সাহেববাজার বাইপাস, সূত্রাপুর, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত ২৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কে সাভারের করিবপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় গতকাল তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি ছিল। দুপুর গড়িয়ে বিকেলে যানবাহনের চাপ আরও বাড়ে।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় বৃহস্পতিবার রাত তিনটার পর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে মির্জাপুর উপজেলার গোড়াইয়ের ক্যাডেট কলেজ এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট দীর্ঘ হয়।
কুষ্টিয়াগামী বাসের যাত্রী লিটন মিয়া বলেন, চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত মাত্র ২০ মিনিটের রাস্তা
বেলা ১১টায় রওনা হয়ে বিকেল সাড়ে ৪টায়ও পাড়ি দিতে পারেননি।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু পেরিয়েও উত্তরাঞ্চলের পথে যানজটে পড়েন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত গতকাল ১৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট গনি মিয়া গতকাল জানান, রাজধানীমুখী কোরবানির পশুর অসংখ্য ট্রাকের কারণে যানজট বেড়েছে। তবে কোনো গাড়ি বন্ধ থাকছে না, ধীরগতি হলেও চালু রয়েছে।
ফেরির অপেক্ষায় হাজারো গাড়ি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, বন্ধ হওয়া দৌলতদিয়ার ২ ও ৩ নম্বর ঘাট বৃহস্পতিবার বিকেলে এবং রাতে চালু হলেও গতকাল শুক্রবার দুপুরে ৩ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। ফলে ঢাকামুখী গাড়ি আটকে দীর্ঘ যানজট দেখা দেয়।
যানজটের কারণে বাসযাত্রীরা একপর্যায়ে গাড়ি থেকে নেমে মাহিন্দ্র, অটোরিকশা বা বিকল্প গাড়িতে ঘাটে পৌঁছান। তবে শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, চারটি ঘাটই ভাঙনের ঝুঁকিতে থাকায় যেকোনো সময় ঘাট বন্ধ হয়ে যেতে পারে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বেলা সোয়া দুইটায় পাটুরিয়া ৪ নম্বর ঘাটে ফেরিতে পার হওয়ার জন্য আড়াই শতাধিক যাত্রীবাহী বাস রাস্তার পাশে আটকে ছিল। ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাঁরা ভাড়া গাড়ি, মাইক্রোবাস বা নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন, তাঁদের জন্য ৫ নম্বর ঘাট দিয়ে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। ওই ঘাট ঘিরে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে প্রায় চার হাজার গাড়ি।
এ ছাড়া পাটুরিয়ার জিরো পয়েন্ট থেকে নবগ্রাম এলাকা পর্যন্ত তিন কিলোমিটারব্যাপী প্রায় দুই হাজার গাড়ি রাস্তার এক পাশে আটকে ছিল। আরও এক হাজার গাড়ি আটকে ছিল সংযোগ সড়কের নবগ্রাম-সইদাবাদ-নালী এলাকায়। এ ছাড়া ৫ নম্বর ঘাট থেকে নালী-তেপরা সড়কের কয়ড়া এলাকা পর্যন্ত চার কিলোমিটারব্যাপী প্রায় দুই হাজার গাড়ির রাস্তার এক পাশে আটকে ছিল।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, লৌহজং উপজেলার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের শিমুলিয়া ঘাটে গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের ঢল নামে। ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ট্রেন চলেছে ধীরে
রাজশাহী প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা দেরিতে রাজশাহী স্টেশনে পৌঁছায়। স্টেশন সূত্র জানায়, ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে প্রতিটি স্টেশনেই যাত্রী ওঠানামা করায় দেরি হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদানন্দপুরে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ২৪ ট্রেনযাত্রী আহত হন।
এম এ





