চুরি করা মোবাইলসহ বিমানের এক কর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত বিমানকর্মীর নাম আনোয়ার হোসেন। তিনি বিমানের হাই লোডার অপারেটর।

বিমানবন্দর আর্মড পুলিশের কর্তব্যরত সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট এসভি ৮০৬ বোর্ডিং ব্রিজে অবস্থান করে। এ সময় আনোয়ার ওই ফ্লাইটের হাই লোডার গাড়ি চালিয়ে মালামাল নামানোর কাজ করেন। কাজ শেষে তিনি বেরুনোর সময় তাকে দেখে সন্দেহ হলে আর্মড পুলিশ তাকে তল্লাশি করে। তখন তার কাছ থেকে দু’টি নোকিয়া ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ