টানা ১৫ ঘণ্টা যাত্রা বিরতির পর শনিবার দুপুর ১২টায় টাঙ্গাইল যমুনা রিসোর্ট থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
জানা গেছে, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি হয়ে দুপুর ২টা নাগাদ জামালপুর সার্কিট হাউজে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সেখানে কিছু সময় বিশ্রাম ও দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় স্থানীয় জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন বেগম খালেদা জিয়া।
এর আগে শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৯টায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে পৌঁছান তিনি।
সফর সঙ্গীদের নিয়ে যমুনা নদীর পাড়ে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ যমুনা রিসোর্টে রাতযাপন করেন ২০ দলীয় জোট নেত্রী। সেখানেই রাতের খাবার এবং সকালের নাস্তা গ্রহণ করেন।
সকালে দলীয় চেয়ারপারসনকে বিদায় জানান বিএনপির টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফাসহ জেলার উর্ধ্বতন নেতারা।
জনসভায় যোগ দিতে শনিবার সকালে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের শীর্ষ নেতারাও জনসভার উদ্দেশ্যে জামালপুরের পথে রয়েছেন।
এছাড়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণিসহ শীর্ষ নেতারা এরই মধ্যে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে ।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





