পটুয়াখালীর বাউফলে শ্লীলতাহানির শালিস-মীমাংসা ঘটনায় ফিরোজ হওলাদার (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রিপনের বোন বাড়ির পাশে উরস শরীফে অংশ নিতে গেলে তার গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় একই এলাকার ফিরোজ ও তার সহযোগীরা।

পরে শ্লীলতাহানির শিকার ওই কিশোরী তার পরিবারকে জানায় এবং তার ভাই রিপন ঢাকা থেকে এসে তার বোনকে বিবাহ করার জন্য চাপ দেয় ফিরোজকে।

শনিবার উক্ত ঘটনার মীমাংসা করতে একটি বাড়িতে স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত হয়। এ সময় ওই কিশোরীকে বিবাহ করার জন্য ফিরোজকে চাপ দেয় তারা। ফিরোজ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে একটি দা নিয়ে কিশোরীর ভাই রিপনকে আঘাত করার চেষ্টা করে। ফিরোজের হাত থেকে রিপন ও তার সহযোগী খলিল দা নিয়ে তাকে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ফিরোজ।

পরে স্থানীয়দের সহযোগিতায় বাউফল থানা পুলিশ রিপন, তার বাবা শাহআলম, খলিল এবং লোহালিয়াকে আটক করে।

কেএইচ