হাতিয়ায় ভুমিহীনদের উপর অতর্কিত হামলা চালিয়েছে মনপুরার কথিত সন্ত্রাসীরা। এতে নারী পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। আজ বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এ ঘটনা ঘটে।
আহতদেরকে সন্ধ্যায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ আহতদেরকে হাসপাতালে দেখতে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানাগেছে, বিকেলে হাতিয়া উপজেলাধীন সুখচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢালচরের একটি দোকানে বসে মোঃ নবীর উদ্দিন (৪৫) ও খোরশেদ আলম (৭০) গল্প করছিল। এমন সময় মনপুরার ২০/২৫ জন সন্ত্রাসী এসে ওই দুইজনকে সীমানা পিলার তুলে ফেলার অভিযোগ এনে বেদম মারধর করে আহত করে।
আহতদেরকে বাচাঁতে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে সন্ত্রাসীদের হামলায় বেলায়েত (৬৫), মোঃ কামরু (৩৬), মাহমুদুল হক (৫৫), নাসির উদ্দিন (৩৫), জামাল উদ্দিন (৪০), মাহে আলম (৬০), মোঃএমরান (২৬), জামাল উদ্দিন (৪৫), রাহেনা বেগম (৪০), লুবনা বেগম (২০), রোকসানা (২৭), আমেনা খাতুন (৪১), মাহফুজা খাতুন (৫০), চৌধুরা খাতুন (৫৫), মিনারা বেগম (৪৫) ও শাহেনা বেগম (২৫) আহত হয়।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভূমিহীনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এদিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন খাঁন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই অবগত নয় বলে জানান তিনি।
এমএনজে





