কুষ্টিয়ার ভেড়ামারায় ইজিবাইক চালক সুজন সিকদার (২৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার কয়ারগাছী আবাস প্রকল্প এলাকার আমজেদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম শরিফ, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়া এলাকার খন্দকার ইউনুস আলীর ছেলে রাকিবুল ইসলাম আসাদ, ঝিনাইদহ জেলার বড় খড়িখালী এলাকার আব্দুল গনি মোল্লার ছেলে রাজু মোল্লা।
মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের কথা জানান র্যাব কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব।
তিনি জানান, সোমবার দুপুরে ইবি থানার বিত্তিপাড়া বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডঘটানোর লক্ষ্যে একত্রিত হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শরীফুল ইসলাম শরিফ ভোড়ামারায় ইজিবাইক চালক সুজন সিকদারকে হত্যার কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত ইজিবাইকটি ঝিনাইদহ জেলার কয়ারগাছীতে রয়েছে বলেও স্বীকার করেন। পরে সেখান থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে রাকিবুল ইসলাম আসাদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে শরীফুল ইসলাম শরিফ ও রাকিবুল ইসলাম আসাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে এবং রাজু মোল্লাকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৮ মার্চ রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় লিচুবাগানে ইজিবাইকচালক সুজন সিকদারকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সুজন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে।
এমআইএস





