‘আমরা সবাই নবীন প্রাণ, স্বেচ্ছায় করবো রক্তদান’ এই স্লোগান সামনে নিয়ে ২০১৬ সালে সমাজ পরিবর্তনে স্বপ্ন দেখা একদল তরুণদের পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে গড়ে ওঠা বাজার ব্লাড ফাউন্ডেশন।
যেখানেই রক্তের প্রয়োজন, সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছাশ্রমে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ করে দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন প্রাণ। রক্ত দিয়ে এভাবে রোগীদের সহযোগিতা করে যাচ্ছে এ সংগঠনটির তরুণ কর্মীরা।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা টিপু সুলতান বলেন, একবার আমার এক আত্মীয়র রক্তের খুব প্রয়োজন পড়ে। কিন্তু রক্তের গ্রুপটি দুর্লভ হওয়ায় কোথাও পাওয়া যায়নি। খুব হতাশ হয়ে পড়েছিলাম, নিজেকে খুব অসহায় মনে হয়েছে।
তখন ভাবলাম কিছু একটা করা উচিত যাতে রক্তের জন্য কাউকে কষ্ট পেতে না হয়, রক্তের জন্য কোনো মানুষের মৃত্যু না ঘটে। সেই চিন্তা থেকেই আমরা সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশন গড়ে তুলি।
সংগঠনটির সভাপতি এসএম বাবলু বলেন, ‘আমরা চাই সব মানুষ রক্তদানে সচেতন হয়ে উঠুক। আমরা চাই না, আর কোনো মানুষ রক্তের অভাবে মারা যাক।’
সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সদস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন। নিজেই মুমূর্ষু রোগীদের ২২ ব্যাগ রক্ত দিয়েছেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছি, একজন রক্তযোদ্ধা হিসেবে অসহায় মানুষের সেবা করছি।
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেঁখ, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুরন রহমান মিজান, ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, সাংবাদিক আবু তাহের, আরজুল্লাহ, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, কারুল হাছান হীরা, আলাউদ্দিন মহন, জাবেদ ওমর, তারেক খাঁন, ছামির, মামুন, আরমান, আব্দুস ছাওার, মানিক হোসেন প্রমুখ। এছাড়া সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাউন্ডেশন ইতিমধ্যে বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, স্কুল কলেজে রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন, রক্তদাতাদের তালিকা তৈরি, রক্তদাতাদের সম্মাননাসহ নানা কর্মসূচি। রক্তদান ছাড়াও সংগঠনটি দরিদ্রদের সহযোগিতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, রোহিঙ্গাদের ত্রাণ ও নগদ অর্থ সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত রয়েছে। সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক অনুদানে।
রক্তদানে মানুষদের উৎসাহিত করতে সংগঠনের কর্মীরা কাজ করে অনলাইনে ও সরেজমিনে সমান তালে।
এএস





