সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পুলিশি বাধার কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ শুরু হয়েছে জাতীয় প্রেসক্লাবে।
বেলা সাড়ে ১১টায় এ সমাবেশ শুরু হয়েছে বলে জানা গেছে। সমাবেশে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির হোসেন ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ শীর্ষ আইনজীবীরা। এছাড়া দর্শক সারিতে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদার জিয়া প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।  
এর আগে, শনিবার সকাল ১১ টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের  জানান, দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে ডাকা সমাবেশ করতে দিচ্ছে না পুলিশ। এজন্য প্রেসক্লাবে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত হবেন বলও জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্টের মেইন গেট ও বার কাউন্সিলের পাশের গেটসহ সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া মাজার গেট এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে পুলিশ। তল্লাশি করে সীমিত পরিসরে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হলেও কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হয়নি আদালত প্রাঙ্গণে। প্রবেশ করতে গিয়ে এ পর্যন্ত ১৬ জন আইনজীবী আটক হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, সকাল থেকে মঞ্চে প্রায় ২০ জনের মতো আইনজীবীকে বসে থাকতে দেখা গেছে। শুক্রবার রাত থেকে তারা মঞ্চে অবস্থান করছেন বলে জানা গেছে। সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ স্থলে পৌঁছেন।  
এর আগে রাতেই মঞ্চের আলো নিভিয়ে দেয়া হয়। একই সঙ্গে চেয়ার ও ফ্যান সরিয়ে নেয় পুলিশ। পুলিশ শুক্রবার রাতে জানায়, রেজিস্ট্রারের অনুমোদন ছাড়া সমাবেশ করতে দেওয়া হবে না।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]