মিরপুরে কালশীর বিহারিপল্লীতে যেসব মানুষ পুড়ে মারা গেছেন তার দায় রাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বলেছিলেন, দেশের সব শ্রেণি, সব ভাষি মানুষের দায়িত্ব রাষ্ট্র নেবে। তাহলে মিরপুরে কী হলো। এতগুলো মানুষকে আগুনে পুড়িয়ে মারা হলো।
দোষীদের শান্তি দাবি করে মিজানুর রহমান বলেন, তদন্ত চলছে বলে নানা কথা বলা হয়। এভাবে তদন্ত তদন্ত বলে কতো দিন পার করা হবে। এর সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
সরকার মানবাধিকার কমিশনকে সহায়তা না করলে দেশের মানবাধিকার রক্ষা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে তিনি বলেন, দেশের আইনে নাকি এক্সট্রা জুডিশিয়াল মার্ডার বন্ধ হয়েছে। তাহলে সেভেন মার্ডার কী? এ থেকেও রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। যশোরে পুলিশের দ্বারা ব্যবসায়ী ভুক্তোভোগী হলেন। পুলিশও চাঁদা বাণিজ্যে জড়িয়ে গেছে। প্রশাসনের মানুষ তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন মিজানুর রহমান।
তিনি বলেন, প্রধান বিচারপতির কাছে আবেদন করছি আপনি দেখুন প্রশাসকরা তাদের দায়িত্ব পালন করছে কিনা। আমি নিজে দেখেছি তারা কিভাবে দায়িত্ব এড়াতে বিভিন্ন জায়গায় ১২ বছরের বাচ্চাকে কাগজে কলমে ১৯ বছর লেখাচ্ছে।
যেখানেই তাকানো যায় সেখানে সমস্যা দেখা দিয়েছে বলে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, সমাজের সবক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধান করতে হবে। আর সে ক্ষেত্রে রাষ্ট্র যদি সাহায্য না করে তাহলে কিছুতেই তা সম্ভব হবে না।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন : নিউজিল্যান্ডের হিউম্যান রাইট কমিশনের সাবেক চেয়ারম্যান রোসলিন নুনান, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, এম এ সালাম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রেজাউল হকসহ অন্যরা।
ঢাকা, ২৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





