কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় কেরামত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে রেনিস আলী (২৬) নামে এক যুবক।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত কেরামত আলী উপজেলার আমদহ গ্রামের মৃত আলীজানের ছেলে এবং আহত রেনিস আলী পাটুয়াকান্দি গ্রামের একরাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো উ-১১-০০৭৮) আল্লারদর্গা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী রেনিস আলীকে প্রথমে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী কেরামত আলীকে ধাক্কা দেয়। এ সময় বৃদ্ধ কেরামত আলী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

রেনিস আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চাপায় হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত কেরামত আলীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এমকে